ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাতভর নাটকীয়তা শেষে গ্রেপ্তার আইভী!

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ১২ মে ২০২৫, ০৫:৩০ এএম

রাতভর নাটকীয়তা শেষে গ্রেপ্তার আইভী!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ছয় ঘণ্টার উত্তেজনার পর অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল আইভীর বাসায় প্রবেশ করে অভিযান শুরু করে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে তার বাড়ির সামনে। রাস্তায় নেমে তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং বাড়ির প্রধান ফটক অবরোধ করে রাখে।

বিক্ষুব্ধ জনতা রাতভর চুনকা কুটিরের আশপাশের চারটি সড়কে বাঁশ, ঠেলাগাড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা ফেলে পুলিশের গতিরোধ করে। একইসাথে এলাকার মসজিদগুলো থেকে মাইকে ঘোষণা দিয়ে আরও মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

পুলিশের একাধিক সদস্য রাত ৩টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করলেও, আইভী রাতের আঁধারে গ্রেপ্তারের বিষয়টি প্রত্যাখ্যান করেন। তিনি পুলিশকে স্পষ্ট জানান, দিনের আলোয় তিনি আইনগত প্রক্রিয়ায় যেতে প্রস্তুত। পরবর্তীতে ভোরবেলা তাকে আটক করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, “আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে আইনগত প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে এবং জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।”

আইভীর গ্রেপ্তারকে ঘিরে পুরো দেওভোগ এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন