নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরটেক এলাকায় আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাচলের সড়ক প্রশস্তকরণে বাধার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিন দিন আগে এলাকাবাসী নিজ উদ্যোগে সড়কটি প্রশস্ত করার কাজ শুরু করলে একটি মহল এতে বাধা দেয়। এমনকি কাজ বন্ধ রাখতে ভয়ভীতি প্রদর্শন করা হয়, যার কারণে কাজ বন্ধ হয়ে যায়।
তারা দ্রুত সড়কের কাজ সম্পন্ন করতে এবং ভবিষ্যতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ্জাক শিকদার বলেন, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। একটি কুচক্রী মহল রাস্তার কাজ বন্ধ করার চেষ্টা করছে বলে আমরা জেনেছি। বিষয়টি পরিষদে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে এবং অচিরেই সড়কের কাজ সম্পন্ন করা হবে।
বার্তা বাজার/এস এইচ






