যুদ্ধবিগ্রহ মানবতার জন্য কাম্য নয়, এটা কল্যাণকরও নয়। তাই যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে চলমান বিধ্বংসী যুদ্ধ বন্ধ করতে হবে। সেই সঙ্গে দখলদার ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচার করতে হবে।
শনিবার সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে ঢাকাস্থ বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহ সেমিনারে সভাপতিত্ব করেন।
সেমিনারে ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি: প্রোপাগান্ডা, বাস্তবতা এবং আমাদের অবস্থান’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ড. আব্দুল বাসির। প্রবন্ধের আলোকে আলোচনায় অংশগ্রহণ করেন ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান, ড. ইমাম হোসেন, ড. মো. ইবরাহীম, ড. আবদুর রাউফসহ ইসলামি স্কলার ও বিজ্ঞ আলেমগরা।
বক্তারা তাদের আলোচনায় বলেন, এ অঞ্চলে চলমান যুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ও অপপ্রচার করা হচ্ছে। মূলতঃ সৌদি আরব এ যুদ্ধে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তার পরও সৌদিকে পক্ষভূক্ত করা সমীচীন নয়। এ যুদ্ধ মুসলিম অমুসলিমদের ধর্মভিত্তিক কোনো যুদ্ধ নয়, বরং এ যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে- আঞ্চলিক আধিপত্য বিস্তার ও এ অঞ্চলে ইরান ও তাদের সহযোগীদের শক্তি ও সামর্থ্য বাড়ানো। অতএব যুদ্ধে যাদের কোনো ধরনের সম্পৃক্ততা নাই, তাদের বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার বন্ধ করতে হবে।
সেমিনারে আলোচকরা সংবাদ মাধ্যমগুলোকে তথ্যনিষ্ঠ, বস্তনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রচার করতেও অনুরোধ জানান।






