ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী ভাড়াটিয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়ির মালিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। তিনি দুইজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের মো. পচু মিয়ার ছেলে মো. রনি ও একই এলাকার শওকত আলীর ছেলে মো. সাব্বির মিয়া (২৫)।
অভিযোগকারী মো. খোরশেদ আলম (২৮) জানান, তিনি দীর্ঘদিন ধরে নিঝুরি এলাকায় নিজের বাড়ি ভাড়া দিয়ে আসছেন। প্রায় এক মাস ধরে তাঁর বাসায় এক নারী ভাড়াটিয়া বসবাস করছেন। স্থানীয়দের ধারণা, অভিযুক্ত রনি ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি টের পেয়ে একপর্যায়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই নারী ভাড়াটিয়াসহ কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। তবে বাড়ির মালিক খোরশেদ আলম এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে দাবি করেন। এরপর থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়।
খোরশেদ আলমের অভিযোগ, গত বুধবার রাতে রনি ও সাব্বিরকে তাঁর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তাঁকে গালিগালাজ করা হয় এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসা হয়। পরিস্থিতি বুঝে তিনি দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং ভাড়াটিয়াসহ স্থানীয়দের হয়রানি করে থাকেন। প্রভাবশালীদের কাছে সহযোগিতা চেয়েও না পেয়ে তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এস এইচ






