পঞ্চগড়ের দেবীগঞ্জে তেল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মামলার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, শনিবার পেট্রোল সরবরাহের খবরে ভোর থেকেই পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে সরবরাহ কার্যক্রম পরিদর্শনে সেখানে যান ইউএনও সবুজ কুমার বসাক।
এ সময় ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালকদের সরে যেতে নির্দেশ দেন তিনি। পরে কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
এরপর লাইনে থাকা কয়েকজন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা ইউএনও ও সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়।
এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।






