মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (৯ মে) দিবাগত রাতে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শফিক খানের সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তি হলেন আসাদুজ্জামান লিটন। পুলিশ জানিয়েছে, শফিক খান ওই ব্যক্তির বাড়িতেই আত্মগোপনে ছিলেন।
মাদারীপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাভেলুর রহমান শফিক খান দীর্ঘদিন ধরে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরেই তৎপরতা চালিয়ে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি ঘটকচর এলাকায় অবস্থান করছেন। এরপরই সেখানে অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শফিক খানসহ দুজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছিল। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’






