ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৪১ পিএম

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), গৌরীপুর উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ নামে পরিচিত মানিক চৌধুরী (৩৯)।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২৯ এপ্রিল নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে পিবিআইয়ের একটি বিশেষ টিম।

তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালামন্দার গ্রামে অভিযান চালায় পিবিআই।

অভিযানের সময় ছাত্রদল নেতা আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭ বলে জানিয়েছে পিবিআই।

এছাড়া মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

এদিকে ছাত্রদল নেতার গ্রেপ্তারের ঘটনায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!