ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নৌকায় ভোট চাওয়া নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের কৃষকদল নেতার হুমকি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:০৭ এএম

নৌকায় ভোট চাওয়া নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের কৃষকদল নেতার হুমকি

পতিত আওয়ামী লীগ আমলের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার রেশ ধরে সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন উখিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুনীর আহমদ।

শনিবার (৩০ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “ওসি সাহেব বলে সাংবাদিকদের জন্য আমরা কিছু করতে পারব না, ইউএনও সাহেব বলে সাংবাদিকদের জন্য কিছু করতে পারেন না। এসব সাংবাদিকদের রুখে দিতে হবে, না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সাংবাদিকরা যদি প্রশাসন নিয়ন্ত্রণ করে আমাদের তো আর রাজনীতি করে লাভ নাই।”

বিএনপির সহযোগী সংগঠনের পদধারী নেতার প্রকাশ্যে এমন ‘হুমকি মূলক’ মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০২১ সালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণায় মুনীর আহমদ অংশ নেন।

সম্প্রতি তার সেই সময়কার নির্বাচনী প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মুনীর আহমদকে বলতে শোনা যায়, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের হাতে তুলে দিয়েছেন, নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা গতবারের মত এবারো তাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।’

তার এই প্রচারণা নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন।

এদিকে ভিডিওটি ভাইরালের পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমনকি খোদ বিএনপি নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন,’আওয়ামীলীগের এই কর্মী কিভাবে জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলার শীর্ষ পদে আছেন?’

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জসিম আজাদ বলেন, “১৭ বছর মুনীর আহমদ আওয়ামী লীগের মধু খেয়ে নৌকা বুকে নিয়ে ঘুমিয়েছেন। আওয়ামী সরকার পতনের পর উখিয়া উপজেলা কৃষকদল আহ্বায়ক বনে গেছেন, সাংবাদিকরা সে বিষয় তুলে ধরায় তিনি ক্ষেপেছেন। তার এমন আচরণ নেক্কারজনক এবং আশা করি তিনি এরজন্য ক্ষমা চাইবেন। পাশাপাশি বিএনপির দৃষ্টি আকর্ষণ যেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।”

উখিয়া উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মাসুম সিরাজী বলেন, “মনির ভাইকে কখনো বিরোধী দলের কঠিন সংগ্রাম কিংবা প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়নি। তিনি সবসময় ক্ষমতাসীন বা সরকারি বলয়ের রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত ছিলেন।”

তিনি আরও বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। ব্যক্তি বা গোষ্ঠী যেই হোক না কেন, সাংবাদিকদের সম্মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত।”

বক্তব্য প্রসঙ্গে জানতে চেয়ে একাধিকবার মুনীর আহমদের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!