পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমরাগাছিয়া গ্রামের ভিন্ন ভিন্ন স্থান থেকে আঃ রশিদ ও মোঃ সাগর নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং একই গ্রামের মৃত আবদুস সাত্তার প্যাদার ছেলে মোঃ ইউসুফ প্যাদা রাত অনুমানিক ১০ টার দিকে নিখোঁজ হয়।
রবিবার (৩১ মে) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার (৩০ মে) রাত আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে ফোন করে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদরাসার পাশের একটি মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
অন্যদিকে একই গ্রামের মোঃ কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ উঠেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রশিদের স্ত্রী বলেন, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাকে ডেকে নেয়। আমি যেতে নিষেধ করেছিলাম, কিন্তু সে শোনেনি। সকালে সে আর ফিরে এসেছে লাশ হয়ে।
নিহত সাগরের ভাই রাজু জানান, রাত আনুমানিক ১টার দিকে তাদের বাড়িতে এসে কেউ দরজা খুলতে বলে। দরজা খুললে তারা দেখতে পান, তার ভাইয়ের মরদেহ ফেলে রেখে গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ দুটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সিআইডি টিম এলে আলামত সংগ্রহ করা হবে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বার্তা বাজার/এস এইচ






