সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব সরকারসহ ৫ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের কয়ড়া বাজারের পাশের আঞ্চলিক সড়ক থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপর ছাত্রলীগ নেতারা হলেন- কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সদস্য রাজন সরকার ও রুবেল রানা এবং উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সৈকত ইসলাম ও সাহেব আলী।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটের দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কে কয়ড়া বাজারের পাশে বেশ কিছুসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশ মিছিলটিকে ধাওয়া দিলে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। ঘটনার সময় উল্লিখিত ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
রূপু কর আরও জানান, এ ব্যাপারে মঙ্গলবার রাতেই উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই মামলায় গ্রেফতারকৃত ৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






