আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মাঠে সক্রিয় হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতোমধ্যেই বরিশাল বিভাগজুড়ে একাধিক আসনে প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি। বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আসনে লড়াইয়ে নামছেন দলের শীর্ষস্থানীয় নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রোববার (১৪ জুলাই) বরিশাল জেলার প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ইসলামী আন্দোলনের বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক শরীফ মুহা. আবুল কালাম আজাদ। তিনি জানান, বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
চরমোনাই পরিবারের অন্য সদস্যরাও প্রতিদ্বন্দ্বিতায়
এদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। তিনি দলের সহকারী মহাসচিব এবং অতীতে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে নির্বাচন করছেন ইসলামী যুব আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দীন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মাঠে নামছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
পটুয়াখালী ও বরগুনা জেলাতেও প্রার্থী ঘোষণা সম্পন্ন
পটুয়াখালী জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীর নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
- পটুয়াখালী-১ আসনে (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) প্রার্থী হয়েছেন জেলার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদার।
- পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রচার উপকমিটির সদস্য মুফতি আবু বকর সিদ্দীক।
- পটুয়াখালী-৪ (কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালী) আসনে মাঠে আছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার নির্বাহী সদস্য।
বরগুনা জেলার দুই আসনেও চূড়ান্ত করা হয়েছে প্রার্থী।
- বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে লড়বেন কেওড়াবুনিয়ার পীর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
- বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলনের বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী।
ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরেও জোর প্রস্তুতি
ভোলা জেলার চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে।
- ভোলা-১ (সদর) আসনে মাঠে আছেন মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।
- ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনে প্রার্থী হয়েছেন অধ্যাপক কামাল উদ্দিন।
ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন নওমুসলিম সিরাজুল ইসলাম সিরাজী, যিনি দলের কেন্দ্রীয় নেতাদের একজন।
পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-জিয়ানগর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাওলানা আবুল কালাম আজাদের নাম সামনে এসেছে। তবে এই আসনের প্রার্থী এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
তৃণমূল থেকে কেন্দ্রে তালিকা, ঘুচছে প্রস্তুতির ফাঁকফোকর
দলের বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক শরীফ মুহা. আবুল কালাম আজাদ জানান, প্রতিটি আসনে তৃণমূল পর্যায় থেকে দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রীয় দফতরে পাঠানো হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সর্বশেষ ঘোষণায় বরিশাল বিভাগের মোট ১৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বাকি ছয়টি আসনের বিষয়ে শিগগিরই কেন্দ্রীয়ভাবে একযোগে ঘোষণা আসবে বলে জানা গেছে।






