ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেলবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতা-সহ দুই যুবকের করুণ মৃত্যু

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৭:০৭ এএম

তেলবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতা-সহ দুই যুবকের করুণ মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা ও তার এক সঙ্গী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার আব্দুল মালেকের পুত্র ও ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (২০) এবং একই এলাকার আবুল কাশেমের পুত্র মো. জুয়েল (২৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আরিফ ও জুয়েল মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। তবে অসাবধানতাবশত তারা ঢাকামুখী লেনে উল্টোপথে প্রবেশ করেন। কিছুক্ষণ পর পেছন থেকে আসা একটি তেলবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই যুবক প্রাণ হারান।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন বলেন, “নিহতরা উল্টোপথে চলাচল করছিলেন। এমন সময় একটি তেলবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে দুইজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় ছাত্রদল নেতা আরিফ ও তার বন্ধু জুয়েল ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আমরা শোকাহত।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা দুই তরুণের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন