পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে ১২ টায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। ক্রমবর্ধমান পরিবেশ দূষণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।






