সিরাজগঞ্জে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এবার নারীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’ স্লোগানে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা, পরিবার ও সমাজে এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
রবিবার (২৮ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে সয়াধানগড়া মধ্যপাড়া আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় এ সচেতনামূলক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় যুব সমাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। যুব সমাজের পক্ষ থেকে আলোচনা সভাটি পরিচালনা করেন নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামাল।
স্থানীয় বাসিন্দা মোছা. ঝরি বেগম বলেন, একজন মা চাইলে তার সন্তানকে মাদকের ভয়াবহতা সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন করতে পারেন। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা নারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সব ধরনের সহযোগিতা করব।
আরেক বাসিন্দা রোকেয়া খাতুন বলেন, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়। সন্তানরা বিপথে চলে যায়। তাই সমাজের প্রতিটি নারীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কেউ মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের জানাতে হবে।
নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামাল বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুরুষদের একার নয়, নারীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একজন মা, বোন বা স্ত্রী সচেতন হলে একটি পরিবারকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব। আমরা যে মাদকবিরোধী সামাজিক আন্দোলন শুরু করেছি, সেখানে নারীদের সম্পৃক্ততা এই আন্দোলনকে আরও শক্তিশালী করবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে নূর কায়েম সবুজ বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি ধীরে ধীরে ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারীরা যদি সচেতন হন, তাহলে পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য একটি সুস্থ, মানবিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।






