১৯৫৯-৬০ সালের দিকে রাজশাহীতে যাত্রা শুরু করা পূবালী ব্যাংক এ অঞ্চলের মানুষের এক বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে এই ব্যাংকের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আগামী দিনে রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে পূবালী ব্যাংক আরও অগ্রণী ভূমিকা পালন করবে।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে দশটায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত এই অঞ্চলের মানুষ নতুন এই ডিজিটাল ব্যাংকিং পদ্ধতিকে দ্রুত গ্রহণ করবে এবং এর ফলে রাজশাহীর অর্থনৈতিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় রাজশাহীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে।
তিনি উল্লেখ করেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে এবং আধুনিক সিঙ্গাপুর বা ইউরোপের আদলে ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পূবালী ব্যাংক ‘কিউআর সিস্টেম’ চালু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীরা কোনো প্রকার কাগুজে মুদ্রার ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।
রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে প্রধান অতিথি বলেন, এই অঞ্চলের কৃষিপণ্য (শাক-সবজি ও ফলমূল) সরাসরি দুবাই বা সিঙ্গাপুরে রপ্তানির জন্য রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। বিসিক সিল্ক শিল্প নগরী এবং ইপিজেড স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
একই সাথে তিনি ব্যাংকিং খাতের কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে কাজ করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসির ১৪টি ইলেকট্রনিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘বাংলা কিউআর কোড’ তুলে দেন। রাজশাহী পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দীনসহ পূবালী ব্যাংকের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






