কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদসহ কামাল ভূঁইয়া (৪২) নামে এলাকার এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ।
আটক কামাল ভূঁইয়া উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক উদ্দিন আকাশের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিটনসহ সঙ্গীয় ফোর্স উপজেলার আমানগন্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কামাল ভূঁইয়ার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল ম্যাকডুয়েলস বিদেশি মদ এবং ৪ বোতল অফিসারস চয়েস মদ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
পরে আটক কামাল ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী এসআই মো. তারেক উদ্দিন আকাশ বলেন, বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






