জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরো ১০ বছর বিরোধী দলে থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, গণ-অভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল সচিবালয় ঘেরাও এর নামে সেখানে মব সৃষ্টি করা হয়েছে। জামায়াত একটি হঠকারী দল। সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীকে বের করে দেবে।
তিনি আরো বলেন, ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
রাশেদ খাঁন বলেন, আওয়ামীলীগ যদি ফিরে আসে তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামীলীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা প্রশাসক এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






