জামালপুর সদর উপজেলায় নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। তার নাম সাইদুর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেস্টা ইউনিয়নের বুখুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাইদুর রহমান মেস্টা ইউনিয়নের বুখুঞ্জা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন দুলুর ছেলে। তিনি মেস্টা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মেস্টা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইদুর রহমান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিষয়ে পড়াশোনা করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জামালপুরের বেসরকারি জসিমউদ্দীন পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্সট্রাক্টর হিসেবে চাকরি করতেন। চাকরি ছেড়ে বর্তমানে তিনি স্টক ব্যবসা পরিচালনা করছিলেন।
স্থানীয়রা জানান, নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সাইদুর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতার মৃত্যুর বিষয়টি তার জানা নেই।






