কক্সবাজারের উখিয়া কলেজে কিশোরী শিক্ষার্থীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় গুড নেইবারস বাংলাদেশ বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য ও উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জি এম মুকতাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। এ ছাড়া বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা প্রয়োজন। নতুন টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণ হলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুবিধা পাবে।
উদ্বোধনের পর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারও কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন।
অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন গুড নেইবারস বাংলাদেশের বিশেষ প্রকল্পের ব্যবস্থাপক ও রোহিঙ্গা ইমারজেন্সি রেসপন্স প্রকল্পের উখিয়া সিডিপির ব্যবস্থাপক পৌলভক্ত মন্ডল এবং প্রকল্প ইন-চার্জ লিও লিপন গোমেজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
কিশোরীবান্ধব টয়লেটের নকশা ও নির্মাণকাজের বিভিন্ন দিক তুলে ধরেন গুড নেইবারস বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিভিল ইঞ্জিনিয়ার) জাবেরুল গনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড নেইবারস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা ফারুক হোসাইন।






