সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)। আহত হয়েছেন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। আহত বিষ্ণ হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হন।
পথিমধ্যে সদর উপজেলার বহুতি বটতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বিষ্ণ হালদারকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






