পটুয়াখালীর বাউফলে ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম হাসনাইন হোসেন সোহেল (৪৮)।
বিদ্যালয় প্রাঙ্গণে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সভা চলাকালে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা নজরুল খান ও তার কয়েকজন সহযোগী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ। নির্বাচন চলাকালে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হলে প্রিজাইডিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন।
এ সময় নির্বাচনটি নিয়মবহির্ভূত দাবি করে প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল। এতে বিএনপি নেতা নজরুল খানের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নজরুল খান ও তার অনুসারীরা সোহেলের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে সোহেল আহত হন।
অভিযোগ রয়েছে, কমিটি ঘোষণার সময় সভায় প্রয়োজনীয় সদস্য সংখ্যা (কোরাম) উপস্থিত ছিল না। নিয়মানুযায়ী সভা বৈধ হতে অন্তত ছয়জন সদস্যের উপস্থিতি আবশ্যক হলেও ওই সভায় ছিলেন পাঁচজন। কোরাম অসম্পূর্ণ থাকা সত্ত্বেও প্রিজাইডিং কর্মকর্তা একতরফাভাবে সভাপতি ঘোষণা করেন বলে দাবি প্রতিবাদকারীদের।
এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, ‘যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না এবং শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পেয়েছে, তাই তাকে নির্বাচিত ঘোষণা করেছি। চূড়ান্ত অনুমোদন দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও সবাই না আসায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কাগজপত্র পাঠাতে ইউএনও স্যার নির্দেশ দিয়েছিলেন।’
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নজরুল খান বলেন, ‘আমন্ত্রিত হয়েই আমি সভায় উপস্থিত হয়েছিলাম। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ভুয়া তথ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্কুলে প্রভাব বিস্তার করে আসছিল। আমি কোনো হামলা চালাইনি, অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করেছি মাত্র।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ‘নির্বাচনের বিষয়টি পুলিশকে আগে থেকে জানানো হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






