শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
রোববার সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সড়কে মিছিল করছেন।
এ সময় মিছিলকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’—এমন বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। দিনের আলোতে ব্যস্ত সড়কে মিছিল চলাকালে পাশ দিয়ে অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। পাশাপাশি মিছিলের কারণে পেছনে একটি ট্রাক আটকে পড়েছিল।
তবে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই ঝটিকা কর্মসূচির বিষয়ে আগে থেকে কিছু জানা ছিল না বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মিছিল শেষ হওয়া পর্যন্ত এমন কোনো তথ্য তাঁদের কাছে পৌঁছায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, তারা যে বিক্ষোভ মিছিল করবে, এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না। স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী হওয়ায় তারা হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে এসে ঝটিকা মিছিল করে চলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, পুরো ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে মিছিলে অংশ নেওয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।






