দেশের সর্বদক্ষিণ উপকূলীয় সীমান্ত শহর টেকনাফে মাদকের কালিমা মুছে বৈধ ব্যবসার আলো ছড়াচ্ছে ‘হেভেন গ্রুপ’। গত এক যুগ ধরে ব্যবসায়িক সফলতায় একের পর এক অর্জনের পর, এবার ইউনিলিভারের একটি ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম ও বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার হিসেবে একটি উট ও একটি গরু জিতে নিয়েছে প্রতিষ্টানটি।
গত ৫ সেপ্টেম্বর ইউনিলিভার বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে পুরস্কারের উট ও গরুটি হেভেন গ্রুপের চেয়ারম্যান হাজী আব্দুল করিমের হাতে তুলে দেন।
জানা গেছে, ইউনিলিভার বাংলাদেশ বিশেষ একটি পণ্য বিক্রির ওপর বিভাগীয় ও জেলা পর্যায়ের ডিলারদের জন্য পুরস্কার ঘোষণা করে। “স্কীন কেয়ার উট পার্টি” প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে কক্সবাজার জেলা পর্যায়ে হেভেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আরভিন কর্পোরেশন’ প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে। প্রথম পুরস্কার হিসেবে একটি উট এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি গরু অর্জন করে প্রতিষ্ঠানটি।
এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে হেভেন গ্রুপের চেয়ারম্যান হাজী আব্দুল করিম বলেন, “প্রতি বছরই হেভেন গ্রুপের ঝুলিতে কোনো না কোনো সাফল্য যুক্ত হয়। তবে এই অর্জন শুধু আমার একার নয়; হেভেন গ্রুপের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফসল এটি।”






