সিরাজগঞ্জ সদর উপজেলার বাহিরগোলা বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় বাজারে ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি এবং ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা হালনাগাদ না রাখার মতো অনিয়মও ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার মো. শাকির ইমাম তালুকদারকে ২০ হাজার টাকা এবং মেসার্স এ. রহমান ট্রেডিংয়ের ম্যানেজার মো. শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ, র্যাব এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।






