ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপির সেই নেত্রী কারাগারে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপির সেই নেত্রী কারাগারে

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে আটক হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীকে প্রতারণা মামলায় আজ বুধবার বিকেল ৪টার দিকে কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ বিকেলে হাজির করা হলে বিচারক মো. শাহ্ পরাণ এ নির্দেশ দেন। এ সময় অভিযুক্ত নেত্রীর পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন করেননি।

কারাগারে যাওয়া সাদিয়া ইসলাম (২২) সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। শহরের কুড়পাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। সাদিয়া নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে মঙ্গলবার বিকেলে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় টাকা নিতে গেলে স্থানীয় বাসিন্দারা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে দেন। পরে রাতে বলাইগুয়া এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার মামলা করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া ইসলাম কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, তিনি তাদের কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। মঙ্গলবার বিকেলে আরও অন্যদের কাছ থেকে টাকা নিতে কুড়পাড় এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

মামলার বাদী প্রিয়া আক্তার বলেন, ‘আমিসহ পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছেন সাদিয়া। মঙ্গলবার সকালে আমাকে ফ্যামিলি কার্ড করে দেবেন বলে জানান। পরে বিকেলে আরেক মহিলার কাছ থেকে টাকা নিতে এলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেন। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাই বিচার পেতে মামলা করেছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু বলেন, ‘সদর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে- এমন কোনো সিদ্ধান্ত বা আলোচনা এখনো হয়নি।’

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, তিনি কুড়পাড় এলাকার প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তিন হাজার টাকা করে নিয়েছেন। এ ঘটনায় প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার মামলা করেছেন। তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন