সারাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব রুখতে এবং এডিস মশার বংশবৃদ্ধি সম্পূর্ণ নির্মূলে তিন মাসব্যাপী জাতীয় কর্মসূচি ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল নয়টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকাসহ দেশের সকল উপজেলাকে একযোগে সংযুক্ত করে এই দূরদর্শী ও বৃহৎ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে প্রতিটি এলাকায় জনসম্পৃক্ততা বাড়িয়ে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের স্পষ্ট তাগিদ দেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই জাতীয় এই কর্মসূচির ঢেউ পৌঁছায় নীলফামারীর প্রান্তিক উপজেলা ডিমলায়। নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন পরিষদ ও এর আশপাশের বিস্তৃত এলাকাজুড়ে নামানো হয় বিশেষ পরিচ্ছন্নতা স্কোয়াড।
অভিযান শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান স্থানীয় সর্বস্তরের মানুষকে এক ছাতার নিচে আসার তাগিদ দিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে তিন মাসব্যাপী মহা-অভিযান ঘোষণা করেছেন, তা সফল করতে আমাদের রাজনীতি ও প্রাতিষ্ঠানিক ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে হবে। ডিমলার গার্লস গাইড, রোভার স্কাউট, বিএনসিসি, সমস্ত রাজনৈতিক দল এবং স্থানীয় সুধীসমাজকে সঙ্গে নিয়ে আমরা একে সামাজিক আন্দোলনে রূপ দেব। দল-মত নির্বিশেষে সম্মিলিত প্রচ্ছায়ায় কাজ না করলে এ মহামারি রোখা অসম্ভব।’
উদ্বোধনী অভিযানে সরেজমিনে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন ডিমলা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্ব। উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আতিকুর রহমান খান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা উপজেলা জামায়াতের সম্পাদক কাজী রুকনুজ্জামান বকুল এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এ ছাড়া উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সদস্য সক্রিয়ভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। প্রশাসন থেকে জানানো হয়, আগামী তিন মাস ডিমলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ডেঙ্গুরোধী অভিযান চালু থাকবে।






