নৌ-ভ্রমণে গিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে ছিটকে পড়ে নিখোঁজের দুইদিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রায় ১২০ জন একটি বাল্কহেডে করে নৌ-ভ্রমণে বের হন। তারা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৮টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা তিনজন নদীতে ছিটকে পড়েন।
পরে অভিযান চালিয়ে লিটন ও ওহাব নামে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও রাকিবুজ্জামান রকি নিখোঁজ হন। এর দুইদিন পর আজ রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাল্কহেডটি পদ্মা নদীর বাহিরচর অংশের পুরোনো ফেরিঘাট এলাকায় গিয়ে অবস্থান নেয়।
এ বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, মরদেহটি নদীতে ভেসে উঠলে রোববার বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।
এআর






