ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভাঙা রেকর্ডারের মতো লাগলেও সত্যিই বাংলাদেশ অনেক উন্নতি করেছে: হামজা

Authorনিউজ রুম

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম

ভাঙা রেকর্ডারের মতো লাগলেও সত্যিই বাংলাদেশ অনেক উন্নতি করেছে: হামজা

প্রাণপণে লড়েও হংকংকে হারাতে পারল না বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ গতকাল ম্যাচটা হেরে গেছে ৪-৩ ব্যবধানে। ম্যাচ শেষে হামজা চৌধুরীর অঝোরে কান্নার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। তবু ২৮ বছর বয়সী বাংলাদেশি এই মিডফিল্ডার মনে করেন, দল অনেক উন্নতি করেছেন।

জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে শুরুতেই লিড এনে দেন হামজা। তাঁর এই গোলের পর গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপরই বাংলাদেশের ছন্দপতন। হংকং তিন গোল দিয়ে বসলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ মুহূর্তে শেখ মোরসালিন, শমিত শোমের গোলে সমতায় ফিরলেও রাফায়েল মার্কিসের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের। ম্যাচ শেষে চোখের অশ্রু ধরে রাখা যেন কষ্ট হয়ে গিয়েছিল হামজার কাছে। এই অবস্থাতেই সম্প্রচারক টি-স্পোর্টসকে বাংলাদেশের তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘এই ম্যাচটা যে পর্যায়ে ছিল…বুঝতে পারছি না ন্যুনতম এক পয়েন্টও হাতছাড়া হলো কীভাবে। বললে সেটা ভাঙা রেকর্ডারের মতো মনে হতে পারে। কিন্তু আমরা দারুণ উন্নতি করেছি। ভালোই খেলেছি মনে করি।’

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত। এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনেকটাই শেষ বাংলাদেশের। এখন হাতে থাকা তিন ম্যাচ তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে অন্যান্যদের ফলের দিকে।

বাংলাদেশের পরের ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। এবার বাংলাদেশকে আতিথেয়তা দেবে হংকং। গতকালের হার ভুলে এখন সামনে চোখ হামজার। বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘পাঁচ দিন পরই আমাদের আরেকটা ম্যাচ খেলতে হবে। পরের তিনটা ম্যাচ জিততে হবে। এটা (হংকংয়ের কাছে হার) ফুটবলেরই অংশ।’

বাংলাদেশ একবার গোল হজম করলে নিয়মিত গোল হজম করার ঘটনা অনেক পুরোনো। তবে অতীতে বড় ব্যবধানে হারলেও গতকালের ম্যাচে সেটা হয়নি। শমিতের মতে বাংলাদেশ ফুটবলে অনেক উন্নতি করেছে এবং সামনে আরও ভালো করবে। সম্প্রচারক টি-স্পোর্টসকে হামজা বলেন, ‘আগে চিন্তাও করা যেত না ১-৩ গোলে পিছিয়ে থেকেও দল এভাবে ঘুরে দাঁড়াবে। আমরা গতকাল সেটা করতে পেরেছি। এটা একটা ইতিবাচক ব্যাপার। সতীর্থদের অনেক প্যাশন আছে। দলের ভিত্তি এটা। এখান থেকে আমরা শিখব।’

জাতীয় স্টেডিয়ামে গতকাল বাংলাদেশের গোল তিনটি করেছেন হামজা চৌধুরী, শেখ মোরসালিন ও শমিত। এদিকে হংকংয়ের মার্কিস হ্যাটট্রিক করেছেন। দলের অপর গোল করেছেন এভারটন কামারগো। বাংলাদেশ-হংকং ম্যাচ শেষে শমিতের ক্যাভালরি এফসি, হামজার লেস্টার সিটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে। বাংলাদেশের জার্সিতে হামজা এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন এক গোলে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন