ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসলেই কী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৭ এএম

আসলেই কী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস?

আসলেই কী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস?

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

তুর্কি গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল ও তুর্কি ক্লাব ফেনারবাচ মাতানো ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

‘খাবেরলার’সহ তুরস্কের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ৫৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সাবেক তারকা মাসখানেক আগে ব্রাজিলের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।

প্রচলিত তথ্যানুযায়ী, রবার্তো কার্লোস বেশকিছু দিন ধরে শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এর সূত্র ধরেই চার সপ্তাহ আগে ব্রাজিলে তার সঙ্গে দেখা করতে যান কার্লোস।

দাবি করা হচ্ছে, সেই বৈঠকেই রিয়াল মাদ্রিদের সাবেক এই রাইট-ব্যাক কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।

তবে এখন পর্যন্ত রবার্তো কার্লোস নিজে থেকে এই বিষয়ে কোনো প্রত্যক্ষ বক্তব্য বা নিশ্চিত বার্তা দেননি। ফলে খবরটি আপাতত জোরালো গুঞ্জন হিসেবেই থেকে যাচ্ছে, যা সত্য বলে প্রমাণিত হতে খোদ কার্লোসেরই আনুষ্ঠানিক বক্তব্য প্রয়োজন।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা আলী শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি নতুন করে তুঙ্গে ওঠে। তিনি ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একাধিক প্রতিনিধিদলের সঙ্গে নিজের বৈঠকের কিছু তথ্য শেয়ার করেন।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এমপি আলী শাহিন জানান, সাঁও পাওলোর ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ’ সফরকালে তিনি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হামাদ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের একজন।

আলী শাহিনের দাবি, শেখ হামাদা নিজেই তাকে জানান, সাবেক ফেনারবাচে তারকা ও বিশ্ব ফুটবলের অন্যতম মহানায়ক রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগে ছিলেন। চার সপ্তাহ আগে তিনি শেখের দ্বারে এসে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলামকে ধর্ম হিসেবে বেছে নেন।

এই বার্তা প্রকাশ্যে আসার পর এমপি আলী শাহিন কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবন কামনা করেন।

কার্লোসের ইসলাম গ্রহণের এই গুঞ্জনটি জোরালো হওয়ার পেছনে আরও একটি কারণ ছিল- সম্প্রতি মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা এল তাহিরির সঙ্গে তার আকদ বা বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এর আগেই জানা যায়, কার্লোস মরোক্কান বংশোদ্ভূত এক স্প্যানিশ তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন। ফিফা স্বীকৃত ফুটবলারদের এজেন্ট সুহাইলা ফুটবলভিত্তিক বিভিন্ন পেশাদার প্রজেক্ট পরিচালনা করেন।

চলতি বছরের সোমবার (১৭ আগস্ট) সামাজিক মাধ্যমে তাদের বিবাহোত্তর সংবর্ধনার ছবিগুলো নতুন করে ভাইরাল হলেও বিয়েটি কিন্তু সম্প্রতি ঘটেনি। চলতি বছরের জানুয়ারি মাসেই তাদের বিয়ের খবর চাউর হয় এবং পরবর্তীতে গত ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সম্পর্কের সূচনা ঘটেছিল কেবল পেশাগত খাতিরে। পরবর্তীতে তা ব্যক্তিগত প্রণয়ে রূপ নেয়। বর্তমানে ব্রাজিল ও ইউরোপের ফুটবলে তারকা খেলোয়াড়দের ক্যারিয়ার ও ব্যবসা পরিচালনার কাজ যৌথভাবেই সামলাচ্ছেন এই দম্পতি।

প্রসঙ্গত, বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকায় একদম সামনের সারিতেই থাকবে রবার্তো কার্লোসের নাম। রিয়াল মাদ্রিদ ও সেলেসাওদের হয়ে সোনালি ইতিহাস গড়ার পর ক্যারিয়ারের সায়াহ্নে তিনি তুরস্কের ফেনারবাচেও খেলেছেন। ফলে বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে তার স্থান চিরস্থায়ী।

তবে আপাতত তার ইসলাম গ্রহণের খবরটি কেবল গুঞ্জন হিসেবেই ভেসে বেড়াচ্ছে। রবার্তো কার্লোস নিজে মুখ না খোলা পর্যন্ত এই খবরের সত্যতা নিশ্চিত করার কোনো উপায় নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন