ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইসিসির র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এলেন শান্ত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

আইসিসির র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এলেন শান্ত

আইসিসির র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এলেন শান্ত

স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও বড় সুখবর পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নতুন প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছেন শীর্ষ ২০-এ।

শান্তর বর্তমান রেটিং পয়েন্ট ৬৫৯। এই রেটিং নিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও বাংলাদেশের লিটন দাসকে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শান্তর এই রেটিং ষষ্ঠ সর্বোচ্চ।

বোলিং র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি করেছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন এই পেসার। এর পুরস্কার হিসেবে ২৬ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজও তিন ধাপ এগিয়ে এখন বোলারদের তালিকায় ২৪ নম্বরে। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্টে এক ইনিংসে ৩৬ রান করলেও র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বর অবস্থান ধরে রেখেছেন তিনি।

অন্যদিকে, প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন।

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় পরাজয়ের পর অস্ট্রেলিয়ার জন্য র‍্যাঙ্কিংয়েও এসেছে ধাক্কা। প্রথম টেস্টে দুই ইনিংসে মাত্র ২২ ও ১৭ রান করা ট্র্যাভিস হেড শীর্ষস্থান হারিয়েছেন। তাকে সরিয়ে আবারও টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবার শীর্ষে ওঠার পর এবার চতুর্থবারের মতো এক নম্বর জায়গা দখল করলেন ব্রুক। হেডকে পেছনে ফেলে জো রুটও ওপরে উঠেছেন। অন্যদিকে, ডারউইন টেস্টে ৭১ ও ৪৪ রান করা স্টিভ স্মিথ বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন।

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে পাঁচ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ তামিম। ডারউইন টেস্টে সেঞ্চুরি করা এই ওপেনার ৮৪ ধাপ এগিয়ে যৌথভাবে ৮৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়া মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৩১তম, সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে ৫৮তম এবং মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম অবস্থানে রয়েছেন।

বোলারদের তালিকায় তাইজুল ইসলাম ম্যাচে একটি উইকেট পেলেও ১১তম স্থান ধরে রেখেছেন। তাসকিন আহমেদ তিন উইকেট নিয়ে এক ধাপ উন্নতি করে ৪৯তম স্থানে উঠেছেন। স্কোয়াডে না থাকায় এক ধাপ পিছিয়ে তরুণ পেসার নাহিদ রানা এখন ৬০তম।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে অবশ্য আগের অবস্থানেই আছেন মিরাজ। তিন নম্বর জায়গা ধরে রাখলেও তার রেটিং বেড়ে হয়েছে ৩২০। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

সব মিলিয়ে ডারউইনে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতিও দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন