নতুন র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি
স্পোর্টস ডেস্ক : অজিদের বিপক্ষে প্রথম টেস্টে ভালো করলেও দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত। যার ফলে আইসিসির র্যাঙ্কিং থেকে এক ধাপ পিছিয়ে গেছেন তিনি। অন্যদিকে এক ধাপ এগিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মুশফিক এখন ১৬ নম্বরে। আগের অবস্থান থেকে এক ধাপ উন্নতি করেছেন তিনি। বিপরীতে শান্ত এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ২১ নম্বরে। আর ৩৪ নম্বরে থেকে নিজের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশের আরেক ব্যাটার লিটন দাস।
বোলিংয়ে দুই ধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম, তবে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ অবনতি হয়ে তাইজুল ইসলাম নেমে গেছেন ১৫ নম্বরে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ২৩ নম্বর অবস্থানেই অপরিবর্তিত আছেন।
বাংলাদেশিদের বাইরে টেস্ট র্যাঙ্কিংয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অদলবদল হয়েছে। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, তিনে নেমে গেছেন জো রুট।
শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসও জায়গা করে নিয়েছেন টেস্ট ব্যাটারদের সেরা দশে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিফটির পর দুই ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন তিনি। পাকিস্তানের সাউদ শাকিল ১৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে এবং শ্রীলঙ্কার সোনালা দিনুশা ২৯ ধাপ উন্নতি করে ২৫ নম্বরে উঠে এসেছেন। ভারতের দেবদূত পাডিক্কালও পাঁচ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে জায়গা করে নিয়েছেন।
টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন ইংল্যান্ডের অলি রবিনসন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ছয় ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন পাঁচ নম্বরে।






