লাইনে দাঁড়িয়ে থেকে নিজ কেন্দ্র নবাবগঞ্জ উপজেলার পুটিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি ভোট প্রদান করেন।
জানা যায়, সকাল ৮টায় ভোটকেন্দ্রে আসেন তিনি। এরপর ভোটার লাইনে আধাঘন্টা দাঁড়িয়ে থেকে তার নিজ ভোট প্রদান করেন।
এ সময় তিনি বলেন, দু-একটি বিশৃঙ্খলা ছাড়া নির্বাচনের পরিবেশ এখনো সুষ্ঠু রয়েছে। ভোটকেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছে। প্রচারণার সময় জনগণের যে সাড়া পাওয়া গেছে, তাতে ভোট নিরপেক্ষ হলে ধানের শীষ জয়যুক্ত হবে।
চারটি উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে ৫ লাখ ৫৩ হাজার ২১৪ ভোটার ১৯৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।
নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।
মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।
বার্তা বাজার/এমএমএইচ






