ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর কারণে ধরাশায়ী বিএনপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ এএম

বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর কারণে ধরাশায়ী বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত বাগেরহাট-১ আসন (চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট)। স্বাধীনতার পর ১২টি সংসদ নির্বাচনে ১০ বারই আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। এবার সেই আসনেই আঘাত হেনেছে জামায়াত। ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দলটির প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পান মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল। তিনি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতিও। ছিলেন চিতলমারীর কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। মূলত এ কারণেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেন। নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দুঃসময়ে কাজ করা একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী থাকলেও প্রার্থী করা হয় বহিরাগত একজনকে। মূলত সংখ্যালঘু ও আওয়ামী লীগের ভোট টানতেই এ কৌশল নেয় বিএনপি। এ ছাড়া এই আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলের অনেক নেতাকর্মী প্রকাশ্যে, গোপনে তাদের পক্ষে কাজ করেন। কারণ হিসেবে তারা ভুল ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

ভোট বিশ্লেষণে দেখা যায়, আসনটিতে ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৫৬০ জন। এর মধ্যে জয়ী জামায়াত প্রার্থী মশিউর রহমান খান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট। বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পান ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট। দুজনের ভোটের ব্যবধান মাত্র ৩ হাজার ২০৪। দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে সেলিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ আর মাছুদ রানা পেয়েছেন ৬ হাজার ৪৬৭ ভোট। দলীয় এই ১১ হাজার ৭৫০ ভোটসহ ধানের শীষের বড় অংশের নেতাকর্মীরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন।   তাদের মধ্যে ৫ জন স্থানীয় বিএনপির বিভন্ন পদে রয়েছেন। তারা বলছেন, দুই সপ্তাহ ধরে মাঠ পর্যায়ে কাজের সময়ও এই বিষয়টি বারবার তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা।

বাগেরহাট ২ আসনে জামায়াত প্রার্থী জিতেছেন। আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন এমএএইচ সেলিম, ধানের শীষের শেখ জাকির হোসেন। পরে বিএনপির কর্মী সমর্থকরা সেলিম আর জাকির হোসেনে বিভক্ত হয়ে পড়ে। প্রকাশ্যে অনেকে বিএনপির পক্ষে কাজ করলেও আড়ালে সেলিমের কাজ করেছেন। যদিও এই দুই প্রার্থীর মোট ভোট বিজয়ী জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাদের চেয়ে ২ হাজার ৯৩৫ কম। দলীয় কোন্দলের পাশাপাশি চাঁদাবাজি, ঘের-বাড়ি দখল, ৫ আগস্টের পর লুটপাটের কারণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন বলে জানান স্থানীয়রা। তারা বলছেন, বিএনপি জনপ্রিয় হলেও একাধিক গ্রুপে যেমন বিভক্ত, তেমনি মনোনীত ব্যক্তিকে অনেক মানুষই চেনে না। বিভিন্ন সূত্রের তথ্য বলছে, ভোটের দুই দিন আগ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত একাধিক কর্মী-সমর্থকরা চাঁদা নিয়েছে।

তবে হারের কারণ হিসেবে বিএনপি প্রার্থী জাকির হোসেন আঙুল তুলেছেন বিদ্রোহী প্রার্থী সেলিমের ছোট ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের দিকে। তিনি জানান, সালাম দলের বিশ্বাস ভঙ্গ করেছেন। তিনি রাতের আঁধারে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মিটিং করেছেন, দলের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। এ কারণে এত বড় বিপর্যয়। এমএ সালাম জানান, জাকির হোসেন মিথ্যা ও বানোয়াট কথা বলেছেন। দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন না দেখেই আজ এই পরিণতি।

বাগেরহাট ৩ (রামপাল-মোংলা) আসনে ৯১-পরবর্তী কোনো নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কেউ জেতেনি। ৩০ বছর পর প্রথম ব্যালটে ধানের শীষ প্রতীক ছিল। এর আগে প্রতিবার জোটের সঙ্গী হিসেবে জামায়াতকে আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। এবার বিএনপির শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে জামায়াত প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জোটের কারণে ২০০৮ সালেও আসনটি জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি। যদিও সেবার জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী। আসনটিতে এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ ঘুরে বিএনপিতে যোগ দেওয়া সোমনাথ দে। দুটি দলের পদেও ছিলেন তিনি। এ ছাড়া সোমনাথ মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি, বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ছিলেন।

এই আসনে বিএনপির দুটি গ্রুপ দীর্ঘদিন মাঠে নির্বাচন করার জন্য কাজ করে। সোম নাথ দে’কে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে দলের নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী টাকা (নির্বাচনী খরচ) না দেওয়া এবং দলের মধ্যে গ্রুপিং থাকায় হেরেছেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন