ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পর্দার আড়াল থেকে ইরানকে পরিচালনা করছেন মোজতবা খামেনি, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ পিএম

পর্দার আড়াল থেকে ইরানকে পরিচালনা করছেন মোজতবা খামেনি, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেয়ার পর থেকেই জনসমক্ষে প্রায় অনুপস্থিত রয়েছেন। ফলে আড়াল থেকে যুদ্ধাবস্থার মধ্যে ইরান পরিচালনা এবং শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার মতো শক্ত নেতৃত্ব কীভাবে দিচ্ছেন তিনি, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

এরই মধ্যে ইরান কীভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি নেতৃত্ব গ্রহণ করেন। তবে এরপর থেকে তার কোনো ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি। তার নির্দেশনা কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে।

একজন ইরানি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন নেতা ইচ্ছাকৃতভাবেই নিজেকে আড়ালে রাখছেন, কারণ তিনি প্রথম প্রকাশ্য বক্তব্যে দুর্বল বা অসহায় হিসেবে নিজেকে দেখা দিতে চান না। খামেনিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও তার সঙ্গে সরাসরি দেখা করা থেকে বিরত থাকছেন। তাদের আশঙ্কা যে তাদের গতিবিধি অনুসরণ করে ইসরায়েল তার অবস্থান শনাক্ত করতে পারে এবং হত্যার চেষ্টা চালাতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরদারি এড়াতে এক ধরনের সহজ কিন্তু নিরাপদ যোগাযোগ পদ্ধতি ব্যবহার করছেন মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতার উদ্দেশে বার্তাগুলো হাতে লেখা হয়, খামে সিল করা হয় এবং বিশ্বস্ত বার্তাবাহকদের মাধ্যমে একধরনের মানবচেইনের মাধ্যমে পৌঁছে দেয়া হয়। এসব বার্তাবাহক মোটরসাইকেল ও গাড়িতে করে মহাসড়ক ও গ্রামীণ পথ ব্যবহার করে তার গোপন আস্তানায় পৌঁছায় এবং তার উত্তরগুলোও একই সুরক্ষিত পথ অনুসরণ করে ফিরে আসে।

ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় গুরুতর আহত হলেও মোজতবা খামেনি মানসিকভাবে সক্রিয় ও সচেতন রয়েছেন। হামলায় তার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়েছে বলে দাবি করা হয়েছে।

চিকিৎসা সংক্রান্ত একটি বিবরণের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তার একটি পায়ে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি একটি কৃত্রিম পা প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন। এছাড়া তার একটি হাত ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরে পাচ্ছে। মুখ ও ঠোঁটে আঘাত পাওয়ায় তার কথা বলতে অসুবিধা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (তিনি একজন প্রশিক্ষিত হৃদরোগ সার্জন) এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রী সরাসরি তার চিকিৎসায় যুক্ত রয়েছেন। বর্তমানে একটি গোপন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

স্বাস্থ্য সংক্রান্ত এমন দাবির জবাবে মোজতবা খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে ‘শত্রুপক্ষের গণমাধ্যম কার্যক্রমের’ তীব্র নিন্দা করা হয়েছে। এই ধরনের প্রতিবেদনগুলোকে ‘ঐক্য ও জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করার’ চেষ্টা বলে অভিযোগও করা হয়েছে পোস্টটিতে। মধ্যপ্রাচ্যে তীব্র লড়াইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চলাকালীন এই প্রতিবেদনটি এসেছে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বিরাজ করলেও হরমুজ প্রণালি নিয়ে এখনও অচলাবস্থা বিরাজমান।

সূত্র: গালফ নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!