ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পিলখানা ট্র্যাজেডির শহীদের স্মৃতিতে বিজিবি ছাত্রাবাসের নতুন নামকরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৫৯ এএম

পিলখানা ট্র্যাজেডির শহীদের স্মৃতিতে বিজিবি ছাত্রাবাসের নতুন নামকরণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ‘বিজিবি ছাত্রাবাস’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছাত্রাবাসটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস বিডিআর বিদ্রোহে যেসব বীর অফিসার জীবন উৎসর্গ করেছিলেন, শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. দেলোয়ার হোসেন তাদের মধ্যে অন্যতম। তার স্মৃতিকে চিরস্মরণীয় ও অমর করে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। নামফলক উন্মোচনের পর তিনি শহীদ দেলোয়ার হোসেনের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার স্মৃতি রক্ষায় এ নামকরণকে একটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত তৈরি হয় শহীদ দেলোয়ার হোসেনের মেয়ে শারমিন ফাইরুজ ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে। দীর্ঘ বছর পরে প্রিয়জনের নামে একটি ছাত্রাবাসের নামকরণ দেখে পরিবারের সদস্যরা গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। শহীদ পরিবারের এই উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম এবং কলেজের ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা। সবাই শহীদ দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং এ নামকরণকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানান।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। সেই ভয়াল দিনে শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. দেলোয়ার হোসেন দেশের জন্য জীবন উৎসর্গ করেন। তার এই মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ছাত্রাবাসটি তার নামে উৎসর্গ করা হয়। এ নামকরণ আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কাছে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও বীরত্বের এক চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!