সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ ‘পুরোটা ধাপ্পাবাজি’। নেভাডা ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে তিনি ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির বিরুদ্ধে এই কড়া মন্তব্য করেন।
কমলা হ্যারিস বলেন, আমেরিকান জনগণ এই যুদ্ধ চায় না। এমনকি কংগ্রেস থেকেও এর কোনো বৈধতা নেওয়া হয়নি। ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছেন, অথচ পরবর্তীতে সেই একই কারণ দেখিয়ে যুদ্ধ শুরু করেছেন। হ্যারিস এই পুরো বিষয়টিকে ‘বুলশিট’ বা চরম ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেন।
হ্যারিস আরও বলেন, “আমি তাকে (ট্রাম্প) কেবল বোকা বলে উড়িয়ে দেব না, তিনি বরং বিপজ্জনক। বর্তমান প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে।” তার মতে, ট্রাম্পের এই নীতির কারণে আমেরিকা তার মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং বিশ্বজুড়ে মার্কিন প্রভাব ক্ষুণ্ন হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর কমলা হ্যারিস এখন আসন্ন মিড-টার্ম নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ যাতে জীবনযাত্রার ব্যয় এবং যুদ্ধের খরচ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য রিপাবলিকানরা ভোট দেওয়ার প্রক্রিয়াকে আরও জটিল করার চেষ্টা করছে।
বার্তা বাজার/এমএমএইচ






