আমরা ইরারের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছি : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইরানকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ পুনর্বহাল করা ইরানের ওপর চাপ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর এবিসি নিউজের।
মঙ্গলবার থেকে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আবার কার্যকর হওয়ার কথা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সবকিছু খুব দ্রুত এগোচ্ছে। আমরা তাদের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছি। আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালাচ্ছি।
তিনি আরও দাবি করেন, কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু পরে ইরান চুক্তির একটি বিষয় পছন্দ না হওয়ায় তা থেকে সরে যায়।
ট্রাম্প বলেন, তারা (ইরান) ভিন্নভাবে চিন্তা করে, আর আমরা সেটা মেনে নেব না। আমরা এগিয়ে যাচ্ছি। আজ রাতেও হামলা চালানো হবে। হরমুজ প্রণালিসহ তাদের সব ধরনের সক্ষমতা আমরা লক্ষ্যবস্তু করছি। শেষ পর্যন্ত পুরো বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে থাকবে।
তিনি আরও বলেন, খুব দ্রুতই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব।
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, শুধু বিমান হামলার চেয়ে নৌ অবরোধ আরও বেশি কার্যকর হতে পারে। তবে তার মতে, হামলা ও অবরোধ দুই কৌশল একসঙ্গে প্রয়োগ করাই সবচেয়ে বেশি ফল দেবে।






