সৌদি আরবের পতাকাবাহী অন্তত ছয়টি তেলবাহী সুপারট্যাংকার লোহিত সাগরের দ্রুততম নৌপথ এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জাহাজ চলাচলের তথ্য থেকে জানা গেছে। মূলত তাঁরা ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির পর এমন সিদ্ধান্ত নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার জানিয়েছে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ফিরে আসা খালি ট্যাংকারগুলো সাম্প্রতিক দিনগুলোতে এডেন উপসাগরে গতিপথ পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকার দিকে যাত্রা শুরু করেছে।
এলএসইজি ও মেরিনট্র্যাফিকের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) এর তথ্য অনুযায়ী, ট্যাংকারগুলো বহর আকারে দক্ষিণ আফ্রিকার দিকে এগোচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, তারা বাব আল-মান্দেব প্রণালি হয়ে লোহিত সাগর ও সুয়েজ খাল ব্যবহার না করে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যাত্রা করবে।
সাধারণত লোহিত সাগর ও সুয়েজ খাল ব্যবহার করলে যাত্রাপথ অনেক কম সময়ে শেষ করা সম্ভব হয়। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে রয়টার্স মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র : টাইমস অব ইসরায়েল






