ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতার বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতার বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সিরাজদিখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে এলাকার কয়েকশ মানুষ অংশ নিয়ে নানা স্লোগান দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা মিয়া এবং ব্যবসায়ী রুবেল আহমেদসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া স্থানীয় ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

অভিযোগে বলা হয়, চলতি মৌসুমে ব্যবসা শুরু করতে গেলে তাঁরা মাটিকাটা বন্ধ করে দেন। পরে আব্দুল্লাহপুরে এম হায়দার আলীর কার্যালয়ে ডেকে নিয়ে ৬০ লাখ টাকা দাবি করা হয়।বক্তাদের দাবি, পরবর্তী সময়ে সমঝোতার মাধ্যমে দুই বছরে ৫০ লাখ টাকা দিতে রাজি হন ব্যবসায়ীরা এবং ইতিমধ্যে ২০ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। তবে বাকি টাকার জন্য প্রতিনিয়ত ভয়ভীতি দেখানো হচ্ছে। টাকা না দিলে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধনে লতব্দী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ ও ত্রাণসামগ্রীও স্থানীয় ওই বিএনপি নেতারা নিয়ন্ত্রণ করছেন। এতে জনপ্রতিনিধিরা সঠিকভাবে সাধারণ মানুষের সেবা দিতে পারছেন না।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মাদক, সন্ত্রাস ও অবৈধ মাটিকাটার বিরুদ্ধে সোচ্চার। সে কারণে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে তোলা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন