টানা ছয় বলে ৬ ছক্কার অবিশ্বাস্য নজির!
স্পোর্টস ডেস্ক : টানা ছয় বলে ৬টি ছক্কা হাঁকালেন ইংলিশ তারকা টবি অ্যালবার্ট। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ওয়ানডে কাপে সাসেক্সের বিপক্ষে এই নজির গড়েন হ্যাম্পশায়ারের তারকা ব্যাটসম্যান।
তবে অ্যালবার্ট এক ওভারে ৬টি ছক্কা মারেননি। এই নজির গড়তে তার দুই ওভার লেগেছে। তার ৩৭ বলের ৮৬ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে ৯ উইকেট হারিয়ে রেকর্ড ৩৮৩ রান করে হ্যাম্পশায়ার। লিস্ট এ ক্রিকেটে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০২২-এ কেন্টের বিরুদ্ধে ৩৯৬/৫ তুলেছিল তারা।
অ্যালবার্ট ক্রিজে নেমেছিলেন ১৫ ওভার বাকি থাকতে। নামার পর থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন তিনি। ৪৩তম ওভারটি করছিলেন নান্টেস ওস্থহুইজেন। তার শেষ দুটি বলে ছয় মারেন অ্যালবার্ট। ২৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান তিনি।
এরপর অলি কার্টলির ওভারকে মারার জন্য বেছে নেন অ্যালবার্ট। কার্টলির বলে টানা চারটি ছয় মারেন তিনি। ফলে টানা ছয় বলে ৬টি ছয় হয়ে যায় তার। এদিন ওয়ানডে কাপে দ্রুততম অর্ধশতরানের নজিরও হয়ে গেল অ্যালবার্টের।
অ্যালবার্ট নামার আগেই অবশ্য হ্যাম্পশায়ার ভালো জায়গায় ছিল। ১১৫ বলে ১০৯ রান করে ভিত তৈরি করে দেন বেন মায়েস। এটি তার প্রথম লিস্ট এ সেঞ্চুরি। ওপেনিংয়ে আলি ওরও শতরান করেন। তারা ৩৫ ওভারে ২২৫ রান তুলে ফেলেন। এরপর শুরু হয় অ্যালবার্ট ঝড়।






