মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকা থেকে তারে গ্রেপ্তার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বার্তা বাজার/এআর






