অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ভিডিও কলে জাতীয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন এবং সিরিজের পরবর্তী টেস্টের জন্য খেলোয়াড়দের শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত ফেসবুক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান বাংলাদেশ দলকে বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কনগ্রাচুলেশন।’
এসময় ওখানে (অস্ট্রেলিয়াতে) গরম কেমন, বাংলাদেশের মতো কি না জানতে চান প্রধানমন্ত্রী।
তারপর বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে হাসান মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, হাসান প্রথম ইনিংসে ছয় উইকেট আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।’
এরপর তামিম ইকবাল তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আর আমাদের ইয়াংস্টার, বগুড়ার’। তানজিদ তামিম কুশলাদি বিনিময় করেন। এরপর তামিম ইকবাল বলেন, ‘বগুড়ার ছেলে ভাইয়া, বগুড়ার ছেলে।’
জবাবে তারেক রহমান বলেন, বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, আসলে ইনশাআল্লাহ দেখা হবে, এগেইন কনগ্রাচুলেশন। অনেক অনেক দোয়া থাকল সবার জন্য, ধন্যবাদ।
বার্তা বাজার/ আইকে






