জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল সোমবার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আদেশ দেন।
এদিন আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্সের আইনজীবী ইশরাত জাহান অনি।
এর আগে গত ১২ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেখানে ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপর শুরু হয় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী / নির্দেশদাতা হিসেবে ওবায়দুল কাদেরের দায় নেই, পেছনে আরও একজন ছিল
এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের জানান, আসামিদের পক্ষে আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সোমবার আবারও যুক্তিতর্ক উপস্থাপন হবে। এরপর আমরা রাষ্ট্রপক্ষে কিছু জবাব দেবো।
এ মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
বার্তা বাজার/ আইকে






