নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাতে হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ রোববার দুপুরে হাটহাজারী থানা পুলিশ তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ওই মিছিলে চবির এ এফ রহমান হলের কর্মকর্তা সরোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে সরোয়ার হোসেন খোকনকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক রেজিস্ট্রার ও অফিসার সমিতির কয়েকজন নেতা চেষ্টা করছেন বলে বিশ্ববিদ্যালয় ও থানা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আটকের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ডিউটি অফিসার রুবিনা আক্তার বলেন, “এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি কিছুক্ষণ আগে ডিউটিতে এসেছি। তাই এখন কিছু বলতে পারছি না।”
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, “যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে উনার বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলা যাবে।”
এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, “আমাদের এক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি। তবে কী কারণে গ্রেপ্তার হয়েছেন, সেটা আমি জানি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করেছে কি না, সে বিষয়ে আমার কোনো সুস্পষ্ট ধারণা নেই।” এ বিষয়ে সরোয়ার হোসেন খোকনের বক্তব্য জানা সম্ভব হয়নি।






