সবুজে ফিরুক প্রাণ, গড়ে উঠুক বাসযোগ্য বাংলাদেশ—এই প্রত্যয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে দুই শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা।
শুধু চারা বিতরণ নয়, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
‘গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ—সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান’—এই প্রতিপাদ্য এবং ‘সবুজের পথে সাংবাদিকতা—পরিবেশের প্রতি দায়িত্ববোধ’ মূলমন্ত্রকে সামনে রেখে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সভাপতি এমরান হোসেন বাপ্পি সভাপতিত্ব করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাছুম, নির্বাহী সদস্য গোলাম রসুল, মো. ইয়াছিন ভূঁইয়া এবং সদস্য আবুল কাশেম মন্ডল, মোঃআশিকুর রহমান মজুমদার, সাকিবুল হাসান মিয়াজী, মো. আতাউর রহমান রিপন, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, মো. শাহজাহানসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হলে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চারা পেয়ে শিক্ষার্থীরা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, উপহার হিসেবে পাওয়া চারাগাছগুলো বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যা করবেন। শুধু নিজেরা গাছ লাগানো নয়, পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও বৃক্ষরোপণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোর উদ্যোগ যথেষ্ট নয়; রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। আর এ দায়িত্ববোধ শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই তৈরি করা প্রয়োজন।
তারা বলেন, একটি গাছ মানুষের জন্য অক্সিজেনের পাশাপাশি ফল, ঔষধ, কাঠ ও ছায়াসহ নানা উপকার দেয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু সংবাদ প্রকাশে সীমাবদ্ধ নয়; সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। সেই দায়িত্ববোধ থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা জানান, ভবিষ্যতেও চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষার বিস্তারে নানামুখী সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।






