হত্যাচেষ্টাসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হাসান মুরাদ (৩৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান মুরাদ উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপারদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজি বাড়ির দিদারুল আলমের ছেলে। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি।
পুলিশ জানায়, মুরাদ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড ও সাম্প্রতিক মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।






