সিরাজগঞ্জ পৌর এলাকার এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের গেটের তালা ভেঙে মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, শনিবার গভীর রাতে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন শেখ তার দলবল নিয়ে রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটের তালা ভেঙে একটি পিকআপে করে মালামাল নিয়ে যান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে স্কুলের নাইট গার্ড আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০টার দিকে ওয়ার্ড বিএনপির নেতা মিলন শেখ দলবল নিয়ে রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে আসে। পরে গেটের তালা ভেঙে একটি পিকআপ গাড়ি নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা মাঠে পড়ে থাকা পুরাতন লোহার পাত, লোহার রড, রেলের স্লিপারসহ প্রায় ৬০০ কেজি মালামাল পিকআপে তুলে নিয়ে যায়।
এদিকে স্থানীয়রা জানান, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে রেলওয়ে কলোনি এলাকায় মিলন শেখের প্রভাব বেড়েছে। তার নির্দিষ্ট কোনো কাজ নেই। সারাদিন কোথায় কী আছে তা দেখে রাখে এবং রাতের বেলায় দলবল নিয়ে লুটপাট করে। তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও প্রতিষ্ঠানটিতে তিনবার চুরির ঘটনা ঘটেছে। তবে অধ্যক্ষ আশরাফুল ইসলাম কোনো ধরনের ব্যবস্থা নেননি। এছাড়া বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যক্ষ আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মিলন শেখ বলেন, আমি রাতে শিক্ষককে খুঁজতে স্কুলে গিয়েছিলাম। এই চুরির ঘটনার সঙ্গে জড়িত নই।
এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, রাতে নাইট গার্ড আব্দুর রহমান আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। এ পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে স্কুলের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম।






