থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি গামী একটি বিমান মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনির মুখে পড়ে। এ সময় বিমানের দুই ক্রু সদস্যসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন। ঝাঁকুনির কারণে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইট এআই৩৭৯ উড্ডয়নের সময় স্বল্পস্থায়ী টার্বুলেন্সের সম্মুখীন হয়। এর ফলে হঠাৎ বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটে।বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। এ ঘটনার পর যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমেছেন। ফ্লাইটটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।
বিমান সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী ও ক্রু সামান্য আহত হয়েছেন। তাদের এয়ার ইন্ডিয়ার উদ্ধারকারী ও চিকিৎসা দল তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে।
অবতরণের পর যাত্রীরা জানান, বিমানটির উচ্চতা হঠাৎ কমে যেতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।এক যাত্রী বলেন, ‘বিমানটির উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা বিমানের ছাদে আঘাত করে। এরপর আমি আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই।’ প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কয়েকজন যাত্রী শরীর ও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।
বিমান সংস্থাটি জানিয়েছে, আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।






