ভারতের উত্তরপ্রদেশের সরকার সরকারিভাবে গোমূত্র কেনা শুরু করেছে। বুলান্দশ্বর নামে একটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে এটি শুরু করা হচ্ছে। এ মুহূর্তে প্রতি লিটার গোমূত্র কেনা হচ্ছে ১০ রুপিতে। যদি পাইলট প্রজেক্টটি সফল হয় তাহলে এটি আরও বিস্তৃত করা হবে এবং ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দিয়ে কিনবে উত্তরপ্রদেশের সরকার।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
এ প্রজেক্টের উদ্দেশ্য হলো যেসব গরু আর দুধ দেয় না সেগুলোকে যেন গরুর মালিকরা ছেড়ে না দেন। কারণ ছেড়ে দিলে গরুগুলো খাবারের কষ্টে ভোগে।
উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকারের লক্ষ্য হলো গোমূত্র কেনার মাধ্যমে গরুগুলোকে ঘরের মধ্যেই রাখা। যদি দুধ না দেওয়া গরুর মূত্র তারা কেনে তাহলে মূত্র বিক্রির জন্য সাধারণ কৃষক ও খামারিরা গরুগুলোকে তাদের কাছে রেখে দেবেন।
এছাড়া গ্রামের যে মহিলারা আছেন তাদের বাড়তি আয়ের জন্যও প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, প্রজেক্টটি বর্তমানে চলছে ১৫টি গ্রামে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গোমূত্রগুলো কৃষিকাজে লাগানো হবে। তাদের বিশ্বাস, কৃষিকাজে গোমূত্র ব্যবহৃত হলে রাসায়নিক পণ্যের ব্যবহার কমবে।এখন প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করছে সেখানকার সরকার। ওই ১৫টি গ্রামের বিভিন্ন জায়গায় ২০০ লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপনা করা হয়েছে।
তবে আদিত্যনাথ সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছে বিরোধীদল সমাজবাদী পার্টি। তারা বলেছে, অর্থ লোপাটের জন্যই এমন একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। যেটি সাধারণ মানুষের কোনো কাজেই আসবে না।
সূত্র: এবিপি






