ভিসা ও ছুটির অনুমতিপত্রের জন্য যে নতুন নিয়ম চালু করল কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ‘বিশেষ ব্যবস্থা’ আগামী ১ সেপ্টেম্বর থেকে আর কার্যকর থাকছে না। এরপর থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নির্ধারিত নিয়মই অনুসরণ করতে হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বিভিন্ন ধরনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আর স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় বাড়ানো হবে না। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য সাময়িকভাবে বাড়ানো ছুটির মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সুবিধা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগে নানা ধরনের বিঘ্ন তৈরি হয়েছিল।
এর ফলে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। আবার ছুটিতে থাকা অনেক প্রবাসীও নির্ধারিত সময়ে কুয়েতে ফিরতে পারেননি।
এ অবস্থায় অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করেছিল। নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা ও দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রে এই অতিরিক্ত সময় দেওয়া হয়।
তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে সেই বিশেষ ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।






